লেখায় যান
ওয়েটলিস্টে যোগ দিন

ক্রিয়েটর মেম্বারশিপ কীভাবে শুরু করবেন

কফি গিফটে এক মাস ভালো গেলে পরের মাস ফাঁকা যেতে পারে। একটা ভিডিও ভাইরাল হলো, টিপস এলো; তারপর তিন সপ্তাহ চুপচাপ। মেম্বারশিপে এই ওঠানামা কমে। ৬০ জন মেম্বার মাসে ৳১৯৯ করে দিলে মাসের ১ তারিখেই মোটামুটি জানেন প্রায় ৳১২,০০০ আসছে। সেটা মাথায় রেখে পরের মাসের কনটেন্ট ঠিক করা যায়।

তবে মেম্বারশিপে দায়িত্বও বেশি। টিপ মানে ধন্যবাদ; মেম্বারশিপ মানে কথা দেওয়া। কেউ প্রতি মাসে টাকা দিলে প্রতি মাসে কিছু পাবেন, এটাই আশা করেন।

মেম্বারশিপ কি আপনার জন্য?

মেম্বারশিপ কি আপনার জন্য? অংশে যান

সবার জন্য না, আর এটা শুরুতেই বলে রাখা ভালো।

মেম্বারশিপ ভালো চলে যদি আপনি নিয়মিত কিছু বানান, আর আপনার দর্শকদের ছোট একটা অংশ সেটার জন্য অপেক্ষা করেন। যেমন: প্রতি সপ্তাহে শেয়ারবাজার নিয়ে লেখেন যিনি, প্রতি সপ্তাহে নতুন রেসিপি দেওয়া রান্নার পেজ, ধারাবাহিক গল্পের লেখক, বা নিয়মিত HSC-র প্রশ্নের সমাধান দেন এমন শিক্ষক। এদের জন্য মেম্বারশিপ মানানসই।

মাসে একটা পোস্ট দিলে মেম্বারশিপ চালাবেন না। দ্বিতীয় মাসেই মেম্বাররা টের পাবেন, যা দিচ্ছেন তার চেয়ে কম পাচ্ছেন। তৃতীয় মাসে আর রিনিউ করবেন না। এমন হলে কফি গিফট বা একটা ডিজিটাল প্রোডাক্টই ভালো।

এখানে মেম্বারশিপ কীভাবে চলে

এখানে মেম্বারশিপ কীভাবে চলে অংশে যান

মেম্বারশিপ আলাদা করে বানাতে হয় না। এটা আপনার সার্ভিসের ভেতরেই চালু হয়। এখন সেই সার্ভিস হলো নিউজলেটার: চালু করলেই একটা ডিফল্ট প্ল্যান (৳২৯৯/মাস) তৈরি হয়ে যায়। নাম, বিবরণ আর দাম নিজের মতো বদলে নিতে পারেন। কোর্স আর পডকাস্টের মতো সার্ভিসেও মেম্বারশিপ আনার কাজ চলছে।

মেম্বারের জন্য ব্যাপারটা সহজ: প্ল্যান বেছে নেন, এক মেয়াদের টাকা দেন, সাথে সাথে অ্যাক্সেস পান। একটা সার্ভিসে একজন মেম্বারের একসাথে একটাই চালু মেম্বারশিপ থাকতে পারে। কখনো অটো-চার্জ হয় না: মেম্বার রিনিউ না করলে মেয়াদ শেষে মেম্বারশিপও শেষ। রিনিউ করতে মেম্বার ক্রিয়েটরের পেজে গিয়ে আবার টাকা দেন। মেয়াদ থাকতেই রিনিউ করলে নতুন মেয়াদটা মেম্বারশিপে যোগ হয়, শূন্য থেকে শুরু হয় না।

মেম্বাররা যেন ভরসা পান, সেজন্য কয়েকটা নিয়ম আছে:

  • দাম লক থাকে। কেউ ৳১৯৯-তে জয়েন করলে আপনি পরে দাম ৳২৯৯ করলেও তিনি ৳১৯৯-ই দেবেন। নতুন দাম শুধু নতুন মেম্বারদের জন্য।
  • প্ল্যান হুট করে মুছে যায় না। যে প্ল্যানে চালু মেম্বার আছে, সেটা ভুল করে ডিলিট করা যায় না।
  • পেমেন্ট না হলে কিছুই বদলায় না। পেমেন্ট হলে তবেই মেম্বারশিপ শুরু হয় বা মেয়াদ বাড়ে। তাই যতদিনের টাকা দেওয়া আছে, ততদিন অ্যাক্সেস থাকে, আর মেম্বার আবার চেষ্টা করতে পারেন।

রিমাইন্ডার: কখন কী যায়

রিমাইন্ডার: কখন কী যায় অংশে যান

কিছু না জানিয়ে অ্যাক্সেস বন্ধ হয়ে গেলেই সবচেয়ে বেশি মেম্বার চলে যান। অটো-চার্জ হয় না বলে রিমাইন্ডারই মেম্বারকে রিনিউয়ের কথা মনে করিয়ে দেয়। রিমাইন্ডার ইমেইল নিজে থেকেই যায়, আর মেম্বারকে রিনিউ করতে আপনার পেজে নিয়ে আসে। আপনাকে কিছু করতে হয় না।

  1. ৫ দিন আগে

    প্রথম রিমাইন্ডার

    মেম্বারশিপ শিগগিরই শেষ হবে, মেম্বার আগেভাগে জেনে যান।

  2. ৩ দিন আগে

    দ্বিতীয় রিমাইন্ডার

    bKash, Nagad, Rocket বা কার্ডে টাকা আছে কি না দেখে নেওয়ার সময়।

  3. ১ দিন আগে

    শেষ রিমাইন্ডার

  4. শেষ হওয়ার দিন

    রিনিউ না করলে মেম্বারশিপ শেষ

  5. ৩ দিন পরে

    শেষ হওয়ার পর একবার মনে করানো

    মেম্বারশিপ শেষ হলে মেম্বারকে আবার জানানো হয়। তিনি আপনার পেজ থেকে আবার জয়েন করতে পারেন।

  6. ৭ দিন পরে

    শেষ ফলো-আপ

মেম্বারদের কী দেবেন

মেম্বারদের কী দেবেন অংশে যান

দামের চেয়েও কঠিন প্রশ্ন হলো: মেম্বাররা এমন কী পাবেন যা বাকিরা পাবেন না?

নিউজলেটারে প্রতিটা পোস্ট তিনভাবে দেওয়া যায়: সবার জন্য ফ্রি, শুধু মেম্বারদের জন্য, বা আলাদা দামে কেনার জন্য (পে-পার-পোস্ট)। শেষ দুটো একই পোস্টে একসাথেও রাখা যায়: মেম্বাররা ফ্রিতে পড়বেন, অন্যরা পোস্টটা আলাদা করে কিনবেন। কেউ চাইলে একটা পেইড পোস্ট অন্য কাউকে গিফটও করতে পারেন। নতুন পাঠক আসার এটা একটা সহজ রাস্তা।

মোটামুটি নিয়মটা হলো: ফ্রি কনটেন্ট দেখে মানুষ আপনাকে খুঁজে পায়, মেম্বারদের কনটেন্টের জন্য থেকে যায়। সব লক করে রাখলে নতুন কেউ আসবেন না। কিছুই লক না করলে জয়েন করার কারণ থাকবে না। অনেক লেখক সপ্তাহে একটা ফ্রি আর একটা শুধু-মেম্বার পোস্ট দিয়ে শুরু করেন, তারপর দেখেন পাঠকরা কোনটা বেশি পছন্দ করছেন।

মেম্বারদের জন্য কী রাখা যায়, কয়েকটা উদাহরণ:

  • শেয়ারবাজারের লেখক: প্রতি সপ্তাহে DSE-র কোন খাতে কী হলো তার বিশ্লেষণ; ফ্রি পাঠকরা পান মাসের সারাংশ।
  • রান্নার পেজ: পুরো রেসিপি আর মাপজোখ মেম্বারদের জন্য; ভিডিও সবার জন্য ফ্রি।
  • শিক্ষক: প্রতি সপ্তাহে একটা অধ্যায়ের নোট আর মডেল টেস্টের সমাধান।
  • গল্প লেখক: নতুন পর্ব মেম্বাররা এক সপ্তাহ আগে পড়েন।

শুরু করার জন্য মেম্বারশিপ ফিচার পেজের উদাহরণগুলো দেখতে পারেন: এক্সক্লুসিভ পোস্টের জন্য ৳১৯৯/মাস, সেরা কনটেন্ট আর বিহাইন্ড-দ্য-সিন মিলিয়ে প্রিমিয়ামের জন্য ৳৪৯৯/মাস, আর সরাসরি উত্তর বা কোচিংয়ের মতো ১:১ অ্যাক্সেসের জন্য ৳৯৯৯/মাস। প্রতিটা সার্ভিসে আলাদা দাম রাখা যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৬৯ মার্কিন ডলার। আপনার বেশিরভাগ পাঠক ভেবেচিন্তে টাকা খরচ করেন। তাই কম দামে শুরু করুন। দাম লক থাকে বলে এতে ঝুঁকি কম: প্রথম দিকের মেম্বাররা পুরোনো দামেই থাকেন, আর আরও বেশি কিছু দিতে পারলে নতুনদের জন্য দাম বাড়াতে পারেন।

নিজের হিসাবটা করে দেখুন:

মাসে আনুমানিক নেট আয়

৬০ জন × ৳১৯৯ = ৳১১,৯৪০; ৩.৫% লঞ্চ রেট (৳৪১৭.৯০) বাদে ৳১১,৫২২.১০। লঞ্চ রেট চলবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত; এরপর কী রেট, দেখুন প্রাইসিং পেজে।

  1. লগইন করে নিউজলেটার চালু করুন

    ড্যাশবোর্ডের সার্ভিস থেকে নিউজলেটার চালু করলেই ডিফল্ট মেম্বারশিপ প্ল্যান তৈরি হয়ে যাবে।

  2. প্ল্যানটা নিজের মতো সাজান

    এমন নাম দিন যাতে বোঝা যায় মেম্বাররা কী পাবেন ('সাপ্তাহিক বাজার বিশ্লেষণ', শুধু 'প্রিমিয়াম' না)। বিবরণে তিন-চারটা নির্দিষ্ট জিনিস লিখুন, আর দাম ঠিক করুন।

  3. লঞ্চের আগে তিনটা পোস্ট রেডি রাখুন

    প্রথম মেম্বার জয়েন করে যেন খালি পেজ না দেখেন। ড্রাফট হিসেবে ৫০টা পর্যন্ত পোস্ট রাখা যায়।

  4. একটা ঘোষণা দিন

    কেন মেম্বারশিপ শুরু করলেন, টাকাটা কোথায় খরচ হবে, আর ফ্রি কনটেন্টও যে থাকছে, সেটা পরিষ্কার করে বলুন।

  5. প্রথম মাসে প্রত্যেক মেম্বারকে উত্তর দিন

    কেউ জয়েন করলে ধন্যবাদ দিন, জিজ্ঞেস করুন কী পড়তে চান। প্রথম সপ্তাহে নিজের হাতে লেখা একটা উত্তর পেলে মেম্বার বোঝেন, টাকাটা একজন মানুষের কাছে গেছে, কোনো মেশিনের কাছে না।

প্রতি মাসে ২০ জন নতুন এনে ২০ জন পুরোনো হারালে আয় এক জায়গাতেই আটকে থাকে। মেম্বারশিপের আয় আসলে বাড়ে পুরোনোদের ধরে রাখলে।

কবে পোস্ট দেবেন, সেটা বলে দিন আর কথা রাখুন। “প্রতি বৃহস্পতিবার রাত ৯টা” শুনলে মানুষ যতটা ভরসা পায়, “মাঝে মাঝে” শুনলে ততটা পায় না। ড্যাশবোর্ডে মেম্বার সংখ্যা আর প্রতিটা পোস্টের ভিউ দেখা যায়। মেম্বাররা যে পোস্ট বেশি পড়েন, পরের মাসে ওই ধরনের পোস্ট বেশি দিন। আর দাম বাড়ানোর আগে পুরোনো মেম্বারদের জানিয়ে দিন, তাদের দাম বদলাচ্ছে না। কথাটা সত্যি, শুনতেও ভালো লাগে।

যা অনেকে জানতে চান

যা অনেকে জানতে চান অংশে যান
দাম বাড়ালে পুরোনো মেম্বারদের কি বেশি দিতে হবে?

না। প্রত্যেক মেম্বার যে দামে জয়েন করেছিলেন, সেই দামই দেন। নতুন দাম শুধু নতুন মেম্বারদের জন্য।

মেম্বারের পেমেন্ট না হলে কী হয়?

মেম্বারশিপে কিছুই বদলায় না। পেমেন্ট হলে তবেই মেম্বারশিপ শুরু হয় বা মেয়াদ বাড়ে। তাই যতদিনের টাকা দেওয়া আছে, ততদিন তিনি অ্যাক্সেস পান, আর আপনার পেজ থেকে আবার চেষ্টা করতে পারেন।

পেমেন্ট থামাতে কি মেম্বারকে ক্যানসেল করতে হয়?

ক্যানসেল করার কিছু নেই। মেম্বাররা একবারে এক মেয়াদের টাকা দেন, কখনো অটো-চার্জ হয় না। তাই রিনিউ না করলে মেয়াদ শেষে মেম্বারশিপ নিজে থেকেই শেষ হয়ে যায়। শেষ হওয়ার আগে ও পরে রিমাইন্ডার যায়, আর মেম্বাররা ক্রিয়েটরের পেজ থেকে রিনিউ করেন। মেয়াদ থাকতেই রিনিউ করলে নতুন মেয়াদটা মেম্বারশিপে যোগ হয়।

নিউজলেটার ছাড়া আর কোথায় মেম্বারশিপ রাখা যায়?

আপাতত মেম্বারশিপ শুধু নিউজলেটারে আছে। কোর্স আর পডকাস্টের মতো অন্য সার্ভিসেও আনার কাজ চলছে।

মেম্বারশিপের আয় থেকে প্ল্যাটফর্ম কত নেয়?

৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটর সব সার্ভিসে একই ৩.৫% লঞ্চ রেট দেন। এরপর ফি নির্ভর করবে সার্ভিস আর আগের মাসে কত টাকার লেনদেন হলো তার ওপর। রেট কার্ড আছে প্রাইসিং পেজে।

মেম্বারদের টাকা কীভাবে আপনার bKash বা ব্যাংকে আসে, সেটা আছে bKash ও Nagad পেমেন্ট গাইডে। মেম্বারশিপ ছাড়া আর কীভাবে আয় করা যায়, দেখুন বাংলাদেশে ক্রিয়েটরদের আয়ের গাইডে। ফিচারগুলো এক জায়গায়: মেম্বারশিপ আর নিউজলেটার।

  1. মাথাপিছু আয়: ২,৭৬৯ মার্কিন ডলার (২০২৪-২৫), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ফেব্রুয়ারি ২০২৬। ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত মাথাপিছু আয়।
  2. হবে নাকি Coffee? মেম্বারশিপ ফিচার। দাম লক, রিমাইন্ডারের সময়, রিনিউয়ের নিয়ম, আর দামের উদাহরণ।
  3. হবে নাকি Coffee? প্রাইসিং। লঞ্চ রেট আর রেট কার্ড।
  4. হবে নাকি Coffee? FAQ। পেইড পোস্ট, শুধু-মেম্বার পোস্ট, ড্রাফটের সীমা আর পোস্ট গিফট।

পেজটা কি কাজে লেগেছে?

নিচের বাটনে চাপ দিয়ে জানান। লগইন করতে হবে না।